প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই শেষ ৩২-এ জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে কেপ ভার্দে। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়াই করে নকআউট পর্বে পৌঁছানো আফ্রিকার এই ছোট দ্বীপরাষ্ট্রটি এখন বিশ্ব ফুটবলে আলোচনার কেন্দ্রে।
এরই মধ্যে আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় নকআউট পর্বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে। তবে মাঠের লড়াই শুরুর আগেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস জানিয়েছেন, মেসিকে জাতীয় দলের বিশেষ সম্মানসূচক ১০ নম্বর জার্সি উপহার দিতে চান তিনি। আর্জেন্টিনার রেডিও স্টেশন ‘রেডিও সুপার দেপোর্তিভো’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্বসেরা ফুটবলারদের একজন হিসেবে মেসিকে সম্মান জানাতে জাতীয় দলের পক্ষ থেকে এই জার্সি প্রদান নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি।
মেসির প্রতি নিজের মুগ্ধতার কথা জানিয়ে প্রেসিডেন্ট নেভেস আরও বলেন, মেসি কেপ ভার্দেতে অত্যন্ত শ্রদ্ধার পাত্র। অনেক মানুষের কাছে তিনি বিশ্বের সেরা ফুটবলার। তার মতে, মেসি ফুটবলের শ্রেষ্ঠত্ব, সৌন্দর্য এবং বিশ্ব ফুটবলের প্রতিচ্ছবি।
অন্যদিকে, এবারের বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করছে কেপ ভার্দে। নিজেদের প্রথম ম্যাচে স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করে আলোচনায় আসে তারা। এরপর উরুগুয়ের সঙ্গে ২-২ এবং সৌদি আরবের সঙ্গে ০-০ গোলে ড্র করে। গোলরক্ষক ভোজিনিয়ার নেতৃত্বে লড়াকু পারফরম্যান্স করে তারা সেরা তৃতীয় দল হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয়।