খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বাসিন্দা খলিলুর রহমান ওরফে ‘টাইগার খলিল’-এর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, ভূমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাগালী গ্রামের বাসিন্দা কোহিনুর আলম সানা। তিনি দাবি করেন, টাইগার খলিল দীর্ঘদিন ধরে একটি বাহিনী গড়ে এলাকায় ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করে আসছেন। তার বিরুদ্ধে ঘের দখল, মসজিদের সামনে খাসজমি দখল করে পুকুর খনন এবং বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখানোর অভিযোগও তোলেন তিনি।
কোহিনুর আলম সানার অভিযোগ, সম্প্রতি গভীর রাতে টাইগার খলিল ও তার সহযোগীরা তার বাড়িতে প্রবেশ করে প্রাণনাশের হুমকি দেয়। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, পূর্ববর্তী সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে টাইগার খলিল নানা অপকর্মে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক সাধারণ ডায়েরি (জিডি), চাঁদাবাজি ও ভূমি দখলসংক্রান্ত মামলা চলমান রয়েছে বলেও দাবি করেন বক্তারা। এছাড়া, নিজের ছোট ভাইকে ব্যবহার করে প্রতিপক্ষকে হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগও তোলা হয়।
সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন খলিলুর রহমান ওরফে টাইগার খলিল। তিনি বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
এ বিষয়ে কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।