মিয়ানমারের রাখাইন রাজ্যে ফের দফায় দফায় বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনায় কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সীমান্তের ওপার থেকে আসা বিকট বিস্ফোরণের শব্দে টেকনাফের হোয়াইক্যং ও হ্নীলা এলাকার বাড়িঘর কেঁপে উঠছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর থেকে টেকনাফ সীমান্তের বিপরীতে রাখাইনের বলিবাজার ও কুমিরখালী এলাকায় সংঘর্ষ চলার সময় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয়দের দাবি, এ পর্যন্ত অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
হোয়াইক্যং এলাকার বাসিন্দা আব্দুর রহমান বলেন, দুপুরের দিকে সীমান্তের ওপার থেকে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ আসে। এতে সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাড়িঘর কেঁপে ওঠে।
হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, প্রায় এক বছর আগে একই এলাকায় আরাকান আর্মি ও মিয়ানমারের জান্তা বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছিল। সেই পরিস্থিতির স্মৃতি এখনও মানুষের মনে রয়েছে। নতুন করে হামলা ও বিস্ফোরণের ঘটনায় সীমান্তবাসীর মধ্যে আবারও উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
হ্নীলা মৌলভীবাজার এলাকার জেলে রহমত উল্লাহ বলেন, সকালে নাফ নদীতে মাছ ধরতে গেলেও দুপুরে সীমান্তের ওপার থেকে পরপর বিস্ফোরণের শব্দ শুনে নিরাপত্তার শঙ্কায় দ্রুত ফিরে আসেন।
এর আগে বুধবার (১ জুলাই) রাখাইনের মংডু শহরে বিমান থেকে বোমা হামলার ঘটনাও ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, সীমান্তের ওপার থেকে বিস্ফোরণের শব্দ শোনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।