হবিগঞ্জের বানিয়াচং উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য সরকারি বরাদ্দকৃত তরকারিতে মিলল অপরিষ্কার আস্ত এক শিং মাছ। এঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের লীজ বাতিলেরও দাবি উঠেছে।
সোমবার(২৯ জুন) বিকেলে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডের এক ভিডিওতে তরকারিতে আস্ত শিং মাছের এমন দৃশ্য দেখা যায়।
জানা যায়, গত ২২ই জুন সন্ধ্যায় তীব্র পেটের ব্যাথা নিয়ে ১নং ইউনিয়নের হাজরাপাড়া গ্রামের মাসকুরা বেগম বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরদিন দুপুরে ভর্তি হওয়া রোগীকে আস্ত শিং মাছসহ ভাত তরকারি দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তরকারির এমন
দশা দেখে তাৎক্ষণিক ভিডিও ধারণ করেন শহিদুল মিয়া নামে রোগীর এক স্বজন। চিকিৎসায় চরম অবহেলা,ওয়ার্ডে অপরিচ্ছন্নতা ও খাবারের এমন চিত্র দেখে আশ্চর্য হন রোগীর স্বজনরা। ২৪ই জুন রোগীর অবস্থার আরো অবনতি হয়। পরে দ্রুত সেখান থেকে রেফার্ড নিয়ে শহরে চিকিৎসা নিতে চলে যান ওই নারী। কয়েকদিন চিকিৎসা শেষে সোমবার নিজ বাড়িতে ফেরেন তিনি। এসেই সাংবাদিকদের সামনে ধারণকৃত ভিডিও উপস্থাপন করেন রোগীর স্বজনরা।
রোগীর স্বজনরা বলেন,বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার বদলে অপ-চিকিৎসাই বেশি হচ্ছে। তাছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবারে চরম অনিয়ম চরমে পৌছেছে। আমরা এব্যাপারে উপজেলার সর্বোচ্চ জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাঁড়ানোর দাবি জানাচ্ছি। অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও পোস্টে ঠিকাদারি প্রতিষ্ঠানের লীজ বাতিলের দাবি জানিয়েছেন উপজেলার সচেতন মহল।
খাবারের অনিয়ম সম্পর্কে জানতে ঠিকাদার প্রতিষ্ঠানের নাম্বারে একাধিক কল দিলেও কল রিসিভ হয়নি।
এব্যাপারে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও এন্ড এফপিও ডাঃ শামীমা আক্তার বলেন,
বিষয়টি আমরা খতিয়ে দেখবো এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।