বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর দক্ষিণ কোরিয়া জাতীয় ফুটবল দলের ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লি জায়ে মিয়ুং। একই সঙ্গে ক্রীড়া প্রশাসনে প্রয়োজনীয় সংস্কারের ঘোষণাও দিয়েছেন তিনি।
বিশ্বকাপে চেকিয়াকে ২-১ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছিল দক্ষিণ কোরিয়া। তবে পরের দুই ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার কাছে ১-০ ব্যবধানে হেরে গ্রুপে তৃতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে ২০০২ সালের বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। তিন পয়েন্ট অর্জন করলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় সেরা তৃতীয় দল হিসেবেও শেষ ষোলোতে জায়গা করতে পারেনি দলটি।
বিশ্বকাপ থেকে বিদায়ের পর দলের ব্যর্থতার দায় স্বীকার করে প্রধান কোচ হং মিয়ুং-বো পদত্যাগ করেন।
দলের হতাশাজনক পারফরম্যান্সে বিস্ময় প্রকাশ করে প্রেসিডেন্ট লি কোচ নিয়োগ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘বিশ্বকাপের মতো বড় আসরে অংশগ্রহণের জন্য করদাতাদের অর্থ এবং রাষ্ট্রীয় তহবিল ব্যয় করা হয়। তাই আমি সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয়কে এই ব্যর্থতার পূর্ণাঙ্গ তদন্ত ও বিশ্লেষণের নির্দেশ দিয়েছি, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের ব্যর্থতা যাতে আর না ঘটে, সে জন্য ক্রীড়া প্রশাসনে দ্রুত প্রয়োজনীয় সংস্কার আনা হবে।’