দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায় জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পুরস্কার বিতরণ ও শিশু উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রুহুল আমীন বলেন, “আজকের জিনিয়াসরাই একদিন দেশের নেতৃত্ব দেবে। তাদের সঠিক পরিচর্যা, মেধা ও মননের বিকাশের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। একদিন তারাই বিশ্বের দরবারে বাংলাদেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করবে। আগামী প্রজন্মের মেধাবিকাশে জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের সময়োপযোগী উদ্যোগ প্রশংসার দাবিদার।”
শনিবার (২৭ জুন) বিকেল ৩টায় আনোয়ারা উপজেলা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সরোজ আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুশান্ত কুমার শীল ও বিলকিছ আক্তার।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। সময়ের মূল্য দাও, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, সততা ও শৃঙ্খলাকে জীবনের সঙ্গী বানাও। প্রতিদিন নিজেকে আরও উন্নত করার চেষ্টা করো। পরিশ্রম কখনো বিফলে যায় না—একদিন সফলতা অবশ্যই তোমাদের দরজায় কড়া নাড়বে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লায়লা-সোবহান ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, আনোয়ারা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারী, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-আইনবিষয়ক সম্পাদক ডিআইএম জাহাঙ্গীর আলম এবং আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. মোজাম্মেল হক।
অ্যাডভোকেট ফৌজুল আমিন চৌধুরী বলেন, আজকের ছোট ছোট প্রচেষ্টাই আগামী দিনের বড় সাফল্যের ভিত্তি। নিয়মিত পড়াশোনা করো, শিক্ষকদের সম্মান করো, বাবা-মায়ের কথা শুনো এবং সবসময় ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। ব্যর্থতাকে ভয় না পেয়ে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করো। স্বপ্ন দেখো এবং তা বাস্তবায়নে কঠোর পরিশ্রম করো।
এ সময় উপস্থিত ছিলেন পীরখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম এরশাদ হোসাইন, জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রিদওয়ানুল হক, নাট্যজন মীর জুবেদ, আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মহসিন পারভেজ, হাসান জাহাঙ্গীর, শিক্ষক মুহাম্মদ নাছিম উদ্দিন, সাংবাদিক এম ডি রাজু, রূপন দত্ত, রেজাউল করিম সাজ্জাদ, নুরুল কবির, নুরুল আজিম, তানজিম আহমেদ, সাহেদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে আনোয়ারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৯৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ, নগদ অর্থ, ক্রেস্ট, সনদ, বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।