ইতালির রাজধানী রোমে নিজ বাসায় ছুরিকাঘাতে একই পরিবারের তিন বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের একমাত্র জীবিত সদস্য, ২০ বছর বয়সী ছেলে আরাফাত হোসেন অয়ন। তিনি বর্তমানে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২৬ জুন) রাতে রোমের পার্শ্ববর্তী ক্যাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিও এলাকার একটি অ্যাপার্টমেন্টে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কামাল উদ্দিন বাবুল (৪৫), তার স্ত্রী মমতাজ বেগম আরজু (৩৮) এবং তাদের পাঁচ বছর বয়সী কন্যা আরিফা। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে অ্যাপার্টমেন্ট থেকে পরিবারের সদস্যদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই বাবুল, তার স্ত্রী ও কন্যার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তাদের ছেলে আরাফাত হোসেন অয়নকে উদ্ধার করে ইতালির জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার পর ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। তবে কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি কর্তৃপক্ষ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
নিহত মমতাজ বেগম আরজুর ছোট ভাই নুরুল হুদা রাকিব জানান, কিছুদিন আগে বাবুলসহ পুরো পরিবার ইতালির নাগরিকত্ব লাভ করেছিলেন। বর্তমানে নিহত তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্ত এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে তিনি অয়ন সুস্থ হয়ে উঠতে সবার কাছে দোয়া কামনা করেছেন।