কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে প্রবল ঢেউয়ে ভেসে গেলেন মোহাম্মদ সায়েম (২২) নামে এক তরুণ পর্যটক ।
শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মেরিন ড্রাইভ সড়কের ইনানী নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
নিখোঁজ সায়েম চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার বাসিন্দা মোহাম্মদ ইকবালের ছেলে।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান জানান, সায়েম ও তার বন্ধু আরমান সমুদ্রে গোসল করতে নামেন। একপর্যায়ে প্রবল ঢেউ ও স্রোতের কবলে পড়ে সায়েম তলিয়ে যেতে থাকেন। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আরমানও বিপদে পড়েন। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন ও বিচকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা আরমানকে উদ্ধার করতে সক্ষম হলেও সায়েম প্রবল ঢেউয়ের তোড়ে ভেসে যান।
জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম বলেন, ঘটনার পরপরই স্থানীয় লোকজন, বিচকর্মী ও সংশ্লিষ্ট উদ্ধারকারী দল নিখোঁজ পর্যটককে উদ্ধারে অভিযান শুরু করে।
ট্যুরিস্ট পুলিশ ইনানী সাব-জোনের পরিদর্শক গাজী আতাউর রহমান জানান, নিখোঁজ পর্যটককে উদ্ধারে ট্যুরিস্ট পুলিশ, বিচকর্মী ও স্থানীয়রা যৌথভাবে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
সর্বশেষ বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সায়েমের কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, ইনানী সমুদ্রসৈকতে দুর্ঘটনা এড়াতে বিপজ্জনক এলাকাগুলো লাল পতাকা দিয়ে চিহ্নিত করা হয়। এছাড়া লাইফগার্ড ও উদ্ধারকারী দল সার্বক্ষণিক প্রস্তুত থাকে এবং মাইকিংয়ের মাধ্যমে পর্যটকদের সতর্ক করা হয়। এরপরও অনেক পর্যটক সতর্কবার্তা উপেক্ষা করে গভীর পানিতে নামায় প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটছে।