আগামী বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, সফর আয়োজনের জন্য ওয়াশিংটন কাজ করছে।
ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও জানান, বর্তমানে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। এই আলোচনার অংশ হিসেবেই ট্রাম্পের সফর হতে পারে।
তিনি বলেন, ‘আগামী বছরের প্রথমদিকে প্রেসিডেন্ট ট্রাম্পকে ভারতে আনার জন্য আমরা কাজ করছি।’ একই সঙ্গে তিনি জানান, প্রস্তুতি প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি নিজেও চলতি বছরে ভারত সফর করতে পারেন।
সম্প্রতি ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক হয়। বৈঠকের পর ট্রাম্প জানান, তাদের মধ্যে ‘খুব ভালো আলোচনা’ হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত কয়েক মাস ধরেই ট্রাম্পের সম্ভাব্য সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে। পরিকল্পিত এই সফরটি জাপান ও অস্ট্রেলিয়াকে অন্তর্ভুক্ত করে একটি আঞ্চলিক সফরসূচির অংশ হতে পারে।
গত এক বছরে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল। রাশিয়া থেকে তেল কেনার কারণে ওয়াশিংটন ভারতের ওপর উচ্চ শুল্ক আরোপ করে। একই সময়ে যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করে।
তবে বর্তমানে দুই দেশই সম্পর্ক উন্নয়ন এবং একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার বিষয়ে আশাবাদী। মার্কো রুবিও বলেন, আলোচনায় অগ্রগতি হয়েছে এবং চুক্তিটি এখন প্রায় শেষ পর্যায়ে।