ওমান উপকূলে পণ্যবাহী জাহাজে ইরানের ড্রোন হামলার পর গতকাল ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরানও মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে বলে জানা গেছে।
এর মধ্যেই হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে নতুন করে হামলার ঘটনা ঘটেছে।
যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য বিষয়ক সংস্থা ইউকেএমটিও শনিবার (২৭ জুন) জানায়, অজ্ঞাত একটি বস্তু হরমুজ প্রণালিতে চলাচলকারী একটি ট্যাংকারে আঘাত হেনেছে। জাহাজের ক্যাপ্টেন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্যাপ্টেন জানান, অজ্ঞাত বস্তুটি জাহাজের কমান্ড সেন্টারের ওপর আঘাত হানে। তবে এতে কোনো ক্রু সদস্য হতাহত হননি এবং পরিবেশগত কোনো ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি।
ইউকেএমটিও জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার মধ্যেই বাহরাইন জানিয়েছে, শনিবার সকালে তাদের ভূখণ্ডে ড্রোন হামলা হয়েছে। তবে ড্রোনটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে কি না, তা নিশ্চিত করা যায়নি।
বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি দেশের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।
তারা আরও জানায়, একাধিক ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে, তবে সেগুলোর লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। হামলাটি বেসামরিক নাগরিকদের জন্য ঝুঁকি তৈরি করেছে এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে বলেও মন্তব্য করেছে বাহরাইন।
সূত্র: আলজাজিরা