পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক দুটি অভিযানে আটজন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
শনিবার (২৭ জুন) খারান ও মাসতুং জেলায় এই অভিযান চালানো হয় বলে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছে। খবর ডনের।
বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৫ ও ২৬ জুন ‘সন্ত্রাসবিরোধী’ এই অভিযান পরিচালনা করা হয়, যার লক্ষ্য ছিল কথিত ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামে পরিচিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে নির্মূল করা।
পাকিস্তান কর্তৃপক্ষ বেলুচিস্তানভিত্তিক বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডে ভারতের কথিত ভূমিকার অভিযোগ তুলে এ ধরনের পরিভাষা ব্যবহার করে থাকে।
আইএসপিআর জানায়, খারান জেলায় সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের চলাচলের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এতে তিনজন নিহত ও আরও কয়েকজন আহত হয়।
অন্যদিকে ২৬ জুন মাসতুং জেলায় আরেকটি অভিযানে আত্মঘাতী হামলাকারীর সম্ভাব্য উপস্থিতির তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। সেখানে গোলাগুলির ঘটনায় এক আত্মঘাতী হামলাকারীসহ পাঁচজন নিহত হয়।
অভিযানকালে বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহৃত মোটরসাইকেল, অস্ত্র, গোলাবারুদ ও ঘরে তৈরি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।
এদিকে নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ওই দুই জেলায় সম্ভাব্য বিচ্ছিন্নতাবাদীদের খোঁজে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে ৯ জুন বেলুচিস্তানের বাসিমা জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে এক সেনা নিহত হন। ওই অভিযানে ১৪ জন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করার দাবি করা হয়েছিল।