যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে নতুন বিশেষ নকশার একটি স্মারক পাসপোর্ট উন্মোচন করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পাসপোর্টে তার নিজের একটি কঠোর ও গম্ভীর মুখের ছবি যুক্ত করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পাসপোর্টের নমুনা প্রকাশ করেন ট্রাম্প। তিনি লেখেন, ‘যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট।’ ছবিতে আরও দেখা যায়, সেখানে লেখা রয়েছে—‘স্বাগত, তবে ভদ্রভাবে থাকুন।’
নতুন নকশার পাসপোর্টে ট্রাম্পকে একটি ডেস্কে ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, মুখে দৃঢ় অভিব্যক্তি। ছবির নিচে তার স্বাক্ষরও যুক্ত রয়েছে। পেছনে ব্যবহার করা হয়েছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের মূল লেখা।
পাসপোর্টের আরেক পাতায় ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণাপত্র স্বাক্ষরের ঐতিহাসিক চিত্রকর্ম স্থান পেয়েছে। সেখানে লেখা রয়েছে ‘ইউনাইটেড স্টেটস অব আমেরিকা ২৫০’। হোয়াইট হাউস এই বিশেষ সংস্করণকে “প্যাট্রিয়ট পাসপোর্ট” নামে অভিহিত করেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আগামী ৬ জুলাই থেকে এই স্মারক পাসপোর্ট পাওয়া যাবে। তবে এটি শুধুমাত্র ওয়াশিংটন ডিসিতে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এবং সীমিত সংখ্যায় বিতরণ করা হবে।
বিশ্লেষকদের মতে, এটি সরকারি প্রতিষ্ঠানগুলোতে ট্রাম্পের ব্যক্তিগত উপস্থিতি আরও দৃশ্যমান করার একটি উদ্যোগ। এর আগে বিভিন্ন সরকারি ভবনে তার ছবি সম্বলিত ব্যানার দেখা গেছে। এছাড়া ট্রেজারি বিভাগ জানিয়েছে, শিগগিরই এক ডলারের নোটেও তার স্বাক্ষর যুক্ত হতে পারে।
নতুন এই পাসপোর্ট চালু হলে ট্রাম্প হবেন প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যার ছবি সাধারণ নাগরিকদের ভ্রমণ নথিতে যুক্ত হবে।
সূত্র: সিএনএন