বরিশালের বাকেরগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত স্কুল ফিডিং কর্মসূচির খাবার নিজের ব্যাগে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা শিক্ষা কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলার ২ নম্বর চরাদি ইউনিয়নের ১০ নম্বর রানিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেশমা আক্তারের বিরুদ্ধে সরকারি স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত খাবার আত্মসাতের অভিযোগ ছিল। ঘটনার দিন বিদ্যালয় ছুটির পর তিনি বের হওয়ার সময় কয়েকজন স্থানীয় বাসিন্দা তার কাছে থাকা ব্যাগ দেখতে চান। প্রথমে তিনি এতে অনাগ্রহ প্রকাশ করলেও পরে স্থানীয়দের অনুরোধে ব্যাগ খুলে দেখান।
অভিযোগ অনুযায়ী, ব্যাগে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ২৪টি ডিম ও ২২ পিস রুটি পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয়দের ভিড় জমে এবং ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
তবে এ অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষিকা রেশমা আক্তারের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন বলেন, বিদ্যালয়ের স্কুল ফিডিং কর্মসূচির খাবার নিয়ে অভিযোগের বিষয়টি জেনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়।