রাজধানীর গুলশানে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় টাস্কফোর্স। অভিযানে পরিদর্শন করা ছয়টি বাড়ির মধ্যে তিনটিতে এডিস মশার লার্ভা শনাক্ত হওয়ায় সংশ্লিষ্ট মালিকদের জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি রেস্তোরাঁয় লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৪ জুন) গুলশান ইয়ুথ ক্লাব মাঠসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় টাস্কফোর্সের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
অভিযান চলাকালে বিভিন্ন ভবন, বাসাবাড়ি ও বাণিজ্যিক স্থাপনা পরিদর্শন করে এডিস মশার লার্ভা শনাক্ত করা হয়। গুলশানের একটি রেস্তোরাঁয় লার্ভা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।
এ ছাড়া পরিদর্শন করা ছয়টি বাড়ির মধ্যে তিনটিতে এডিস মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে রাজধানীতে অভিযান পরিচালনার জন্য একটি জাতীয় টাস্কফোর্স গঠন করা হয়েছে। জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যেই এ কার্যক্রম শুরু হয়েছে।
অভিযানের অংশ হিসেবে মশার বংশবৃদ্ধি রোধে দীর্ঘমেয়াদি লার্ভানাশক ‘নোভা লিউরোন’ ট্যাবলেট বিতরণ ও প্রয়োগ করা হয়। পাশাপাশি নাগরিকদের ফুলের টব, পুরোনো টায়ার, পরিত্যক্ত বালতি ও অন্যান্য পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সিটি করপোরেশনের অভিযান যথেষ্ট নয়; নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও জরুরি। বর্ষা মৌসুমে জমে থাকা পরিষ্কার পানিই এডিস মশার প্রধান প্রজননস্থল হওয়ায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।