রাজধানীর অন্যতম ব্যস্ত আগারগাঁও মেট্রো রেল স্টেশন এলাকার সামনে অটোরিকশার অবাধ অবস্থানের কারণে যাত্রীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে। স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথজুড়ে অটোরিকশার সারি থাকায় প্রতিদিনই যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (২২ জুন) সকালে সরেজমিনে দেখা যায়, স্টেশনের প্রধান প্রবেশমুখ, মূল সড়ক এবং বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনের দিকে যাওয়ার সংযোগ সড়কে অর্ধশতাধিক অটোরিকশা দাঁড়িয়ে রয়েছে। তিন রাস্তার এই গুরুত্বপূর্ণ মোড়ে প্রায় সারাক্ষণই যানজট ও জনসমাগমের সৃষ্টি হচ্ছে, যা যাত্রীদের স্বাভাবিক চলাচলে বাধা তৈরি করছে।
নিয়মিত যাত্রী মাহবুব আলম মধু বলেন, ‘স্টেশন থেকে বের হওয়ার সময় রিকশাচালকদের কাছে সাইড চাইতে হয়। তারা প্রায় পুরো পথ দখল করে রাখে। অনেক সময় সরে যেতে বললে উল্টো তর্কে জড়িয়ে পড়ে। প্রতিদিনই যাত্রী ও রিকশাচালকদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা দেখা যায়।’
অটোরিকশাচালকদের সঙ্গে কথা বলে জানা যায়, মেট্রো স্টেশনের নিচে অবস্থান করলে দ্রুত যাত্রী পাওয়া যায়। মেট্রোরেল থেকে নেমেই অধিকাংশ যাত্রী রিকশা খোঁজেন, ফলে গেটের সামনে অবস্থান নেওয়ার প্রবণতা বেশি। তবে রিকশার সংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় যাত্রী পাওয়ার প্রতিযোগিতাও তীব্র।
স্থানীয় অটোরিকশাচালক মোতালেব বলেন, ‘যে পরিমাণ রিকশা আছে, সে অনুযায়ী ট্রিপ পাওয়া যায় না। মেট্রো স্টেশনের সামনে দাঁড়ালে কিছু যাত্রী পাওয়া যায়। এখানে অনেক অফিস ও হাসপাতাল থাকায় যাত্রীও বেশি। আমরা জানি এতে রাস্তা আটকে যায়, কিন্তু দূরে দাঁড়ালে যাত্রী পাওয়া কঠিন হয়ে পড়ে।’
এলাকায় গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর, হাসপাতাল ও বিভিন্ন প্রতিষ্ঠানের অবস্থানের কারণে ছুটির দিনেও আগারগাঁও মেট্রো স্টেশনে যাত্রীচাপ থাকে উল্লেখযোগ্য। কিন্তু স্টেশন থেকে বের হওয়ার পরই অটোরিকশার বিশৃঙ্খল অবস্থানের কারণে সেই যাত্রা বিঘ্নিত হচ্ছে বলে জানান যাত্রীরা।
ভুক্তভোগী যাত্রীদের দাবি, মেট্রো স্টেশনের সামনের পরিবেশ সুশৃঙ্খল রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তারা যাত্রী চলাচলের পথ উন্মুক্ত রাখতে নির্দিষ্ট স্থানে অটোরিকশা দাঁড় করানোর ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার এবং নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কার্যকর উদ্যোগের অপেক্ষায় রয়েছেন যাত্রী ও স্থানীয়রা। তাদের মতে, দ্রুত ব্যবস্থা না নিলে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই মেট্রো স্টেশন এলাকায় জনভোগান্তি আরো বাড়তে পারে।