ফরিদপুর শহরের মুজিব সড়ক ধুলামুক্ত করা এবং সরকারি পুকুরগুলো খনন ও সংস্কারের মাধ্যমে পরিবেশ ও নগর সৌন্দর্য বৃদ্ধি করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে পরিবেশ উন্নয়ন ফোরাম এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) ফরিদপুর জেলা কমিটি।
সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৯টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন শেষে জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম এবং ফরিদপুর পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক মো. সোহরাব হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
পরিবেশ উন্নয়ন ফোরামের সভাপতি কাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সুজনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন দুর্নীতি প্রতিরোধ কমিটি ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, সুজন জেলা কমিটির সভাপতি লিয়াকত হোসেন কামাল, সহ-সভাপতি সাইফুল ইসলাম অহিদ ও রেহেনা প্রিয়া, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক নিলুফার ইয়াসমিন, পরিবেশ উন্নয়ন ফোরামের সহ-সভাপতি মনোয়ারা বেগম, সুজনের সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক বাকি বিল্লাহ পলাশ, যুগ্ম সম্পাদক ইউসুফ আলী মাস্টার এবং নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবরার নাদিম ইতু।
বক্তারা বলেন, ফরিদপুর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক মুজিব সড়কে দীর্ঘদিন ধরে ধুলাবালুর প্রকোপ বেড়েছে। এতে পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। ধুলার কারণে শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সড়কটি ধুলামুক্ত করার দাবি জানান তারা।
তারা আরও বলেন, শহরের সরকারি পুকুরগুলোর অনেকগুলোই ভরাট ও দখলের ঝুঁকিতে রয়েছে। এসব পুকুর খনন, সংস্কার ও সংরক্ষণ করা হলে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলাধার সংরক্ষণ এবং নগরীর সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব শহর গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, পরিবেশকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সুজন ও পরিবেশ উন্নয়ন ফোরামের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।