পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বর্তমানে যে পরিবেশ দূষণ হচ্ছে, তার মূল কারণ আমাদের স্বার্থপরতা। পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে এবং প্রাণ ও প্রকৃতির সুরক্ষা নিশ্চিত করতে হবে।
সোমবার (২২ জুন) নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘পরিবেশ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ একসময় প্রাচ্যের ড্যান্ডি হিসেবে পরিচিত ছিল। আমাদের বসবাসের পরিবেশ আমাদেরই রক্ষা করতে হবে। শিক্ষার্থীরা যদি নিজেদের পরিবারকে পরিবেশ দূষণ সম্পর্কে সচেতন করে, তাহলে পরিবেশ সংরক্ষণ অনেক সহজ হবে।
অনুষ্ঠানের আয়োজনের জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমাদের সন্তানেরাই দেশের ভবিষ্যৎ। আগামী দিনে তারাই দেশ পরিচালনা করবে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। সবাইকে ডাক্তার বা প্রকৌশলী হতে হবে এমন নয়, তবে সবার আগে ভালো মানুষ হতে হবে।
শেখ ফরিদুল ইসলাম বলেন, বিদেশে একটি সেমিনারে অংশ নিয়ে তিনি দেখেছেন যে পরিবেশ রক্ষায় সচেতনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন, আজকের বিতর্কে জাপান, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের উদাহরণ এসেছে। নিয়ম-শৃঙ্খলার ধারাবাহিক চর্চার মাধ্যমেই তারা উন্নত অবস্থানে পৌঁছেছে। আমরাও সেই চর্চা শুরু করেছি।
তিনি আরও বলেন, শিশুদের ছোটবেলা থেকেই ভালো অভ্যাস গড়ে তুলতে পারলে তা দীর্ঘস্থায়ী হয়। নিজের নির্বাচনী এলাকার স্কুলগুলো পরিচ্ছন্ন রাখার উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি।
দেশ গঠনে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশটা আমাদের সবার। তাই দেশ গঠনের দায়িত্বও আমাদের সবার। নাগরিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
এ সময় তিনি মোবাইল ও মাদকাসক্তিকে বর্তমান সমাজের অন্যতম বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মোবাইল ও মাদকাসক্তি থেকে দূরে থাকতে হবে। আমরা চাই নতুন প্রজন্ম বিতর্ক, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলার মতো ইতিবাচক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হোক।