পিরোজপুরের কাউখালী উপজেলার কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের চারজন শিক্ষকের বিরুদ্ধে অনিয়মিত উপস্থিতি ও দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক চন্দ্র হালদার সংশ্লিষ্ট চারজন সহকারী শিক্ষককে সম্প্রতি কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন।
নোটিশে তিন কার্যদিবসের মধ্যে বিদ্যালয়ে অনিয়মিত উপস্থিতি এবং অনুমতি ছাড়া অনুপস্থিত থাকার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।
নোটিশপ্রাপ্ত শিক্ষকরা হলেন— ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক মো. আসলাম গাজী, সামাজিক বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক মো. আব্দুস সাত্তার, গণিত বিভাগের সহকারী শিক্ষক দীপঙ্কর মিস্ত্রি এবং ইসলাম ধর্ম বিষয়ক সহকারী শিক্ষক এবাদুর রহমান।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক চন্দ্র হালদার বলেন, ‘রমজান উপলক্ষে দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ ছিল। পরে মে মাসে শিক্ষকদের নিয়মিত উপস্থিতির বিষয়ে সতর্ক করে সকলকে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়। কিন্তু এক মাসের পর্যবেক্ষণে চারজন শিক্ষকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও অনিয়মিত উপস্থিতির অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, নোটিশের জবাবে সংশ্লিষ্ট শিক্ষকরা পারিবারিক সমস্যা, যানবাহনের সংকট ও যাতায়াতজনিত সমস্যার কথা উল্লেখ করেছেন।
প্রধান শিক্ষক বলেন, ‘বিদ্যালয়ে বর্তমানে ১৯৩ জন শিক্ষার্থী রয়েছে। তাদের পাঠদানের স্বার্থে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি অত্যন্ত জরুরি।’ তিনি আরও জানান, বিদ্যালয়ে বর্তমানে ১৭ জন শিক্ষকসহ মোট ২৩ জন শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।
এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশপ্রাপ্ত চারজন শিক্ষকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নোটিশের জবাব পর্যালোচনা করে সন্তোষজনক না হলে শিক্ষা বিধিমালা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।