সিরাজগঞ্জের তাড়াশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা রুবেল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় সোমবার (২২ জুন) ভোরে উপজেলার নওগাঁ ইউনিয়নের পংরৌহালী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রুবেল হোসেন নওগাঁ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক। পুলিশ জানিয়েছে, এ দুটি মামলার বাইরে তার বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়া থানায় আরো দুটি মামলা রয়েছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় রুবেল হোসেনকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
অন্যদিকে, রুবেলের পরিবারের দাবি, তিনি অভিযোগের সঙ্গে জড়িত নন। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।