কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওরে চলন্ত নৌকায় বজ্রপাতে বাবুল সরকার (৪৫) নামে এক মাঝির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার পাঁচরুখী এলাকার পূর্ব পাশে অবস্থিত উলাবাইরা চর হাওরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবুল সরকার নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার নারাজ গ্রামের কাছু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবুল সরকার আশুগঞ্জ থেকে ধান বিক্রি করে নিজস্ব স্টিলবডি নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যার দিকে নৌকাটি উলাবাইরা চর হাওরের মাঝপথে পৌঁছালে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়।
আবহাওয়া প্রতিকূল হয়ে উঠলে নৌকায় থাকা অন্যান্য যাত্রীরা নিজেদের নিরাপত্তার জন্য দ্রুত পাটাতনের নিচে আশ্রয় নেন। তবে উত্তাল হাওরে নৌকার নিয়ন্ত্রণ ধরে রাখতে বাবুল সরকার পাটাতনের ওপরেই অবস্থান করছিলেন।
একপর্যায়ে একটি শক্তিশালী বজ্রপাত সরাসরি তার ওপর আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বজ্রপাতের পর নৌকায় থাকা লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করলেও ততক্ষণে তিনি প্রাণ হারিয়েছিলেন।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা মজুমদার মুক্তি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকৃতির আকস্মিক এই দুর্যোগে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।