সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি বিকৃত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
সোমবার (২২ জুন) ভোরে উপজেলার কোনাবাড়ী মফিজ মোড় এলাকায় মহাসড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে কামারখন্দ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে পথচারীরা মহাসড়কের পাশে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ খবর ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। এ সময় মরদেহের পাশ থেকে বিয়ের অনুষ্ঠানে ব্যবহৃত লাল রঙের একটি শাড়িও উদ্ধার করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, নিহত নারীর মরদেহটি বিকৃত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরো জানান, মরদেহের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।