নাটোরের গুরুদাসপুরে খাল–বিল উদ্ধারের অংশ হিসেবে চলনবিলের পর্যটনকেন্দ্র বিলসা পয়েন্টের সড়কে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একইসঙ্গে সড়কে থাকা বড় বড় খড়বিচালির পালাগুলোও অপসারণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ ও সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। এতে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও গ্রামপুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
জানা যায়, বারবার নোটিশ ও মাইকিং করার পরও দখলদাররা স্থাপনা সরিয়ে না নেওয়ায় প্রশাসন বাধ্য হয়ে এ উচ্ছেদ অভিযান চালায়। এতে দখলদাররা ক্ষুব্ধ হলেও স্থানীয়রা অভিযানকে স্বাগত জানিয়েছেন। তবে কেউ কেউ উচ্ছেদ হওয়া পরিবার ও ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, বিলসা পয়েন্টে শৃঙ্খলা ও সৌন্দর্য ফিরিয়ে আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার অন্যান্য স্থানেও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।