কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছেন মহানগর যুবলীগের নেতাকর্মীরা। এ সময় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রোববার (২১ জুন) ভোর সাড়ে ৬টার দিকে বাসন এলাকার কলম্বিয়া গার্মেন্টসের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পুলিশকে লক্ষ্য করে মিছিলে থাকা যুবলীগ নেতাকর্মীদের বলতে শোনা যায়, ‘ওই, একটাও সামনে আসবি না। একটাও সামনে আসবি না। মাইরা ফালামু, মাইরা ফালামু। একটাও সামনে আসবি না।’
ভিডিওতে আরও দেখা যায়, ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের কলম্বিয়া এলাকায় শাকিল এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে ৩০–৩৫ জন যুবক একটি ব্যানার নিয়ে মিছিল শুরু করেন। ব্যানারে লেখা ছিল, ‘২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক, সার্থক হোক। বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।’
ব্যানারের নিচে ‘গাজীপুর মহানগর যুবলীগ’ লেখা ছিল। পাশাপাশি ব্যানারের এক পাশে শেখ হাসিনা এবং অন্য পাশে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকারের ছবিও দেখা যায়।
এ সময় মহাসড়কের বিপরীত দিক থেকে কয়েকজন পুলিশ সদস্য এগিয়ে এলে মিছিলে থাকা কিছু ব্যক্তি তাদের উদ্দেশে হুমকিমূলক বক্তব্য দেন।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, ভিডিওটি তারা দেখেছেন। তবে এটি পূর্বের কোনো ঘটনা কি না, তা যাচাই করা হচ্ছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার জানান, মিছিলের বিষয়ে তথ্য পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।