ঢাকার সাভারে মাঠে কৃষি কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে তিনজন কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২১ জুন) দুপুরে উপজেলার বনগাঁও ইউনিয়নের কোন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে কোন্ডা এলাকার একটি মাঠে কয়েকজন ব্যক্তি কৃষিকাজ করছিলেন। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তীব্র বজ্রপাত শুরু হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন জানান, মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুইজন ঘটনাস্থলেই এবং একজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।