মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের ১২ তলার সেমিনার কক্ষে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন, কর্ম ও আদর্শ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ‘মাভাবিপ্রবি পরিবার’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাভাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক নেতা, যিনি দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি বলেন, বিএনপি জনগণের সেন্টিমেন্টকে ধারণ করে রাজনীতি করে এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশ্বাসী।
প্রধান আলোচক অধ্যাপক ড. কামরুল আহসান জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন ও সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা এবং দেশের রাজনীতিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করি। তিনি বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক ও ন্যায়পরায়ণ শাসক, যাঁর নেতৃত্বে দেশের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন এবং সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির এবং সঞ্চালনা করেন আইসিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনির মোর্শেদ।
এছাড়া ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।