হবিগঞ্জের বাহুবল উপজেলায় এক চা শ্রমিকের চতুর্থ শ্রেণিতে পড়ুয়া কন্যাকে ধর্ষণের অভিযোগে ইসমাইল মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত ২২ মে অভিযুক্ত ইসমাইল মিয়া শিশুটিকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে ঘটনাটি কাউকে না জানানোর জন্য তাকে ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
পরিবারের সদস্যদের অজান্তে ঘটনাটি দীর্ঘদিন গোপন ছিল। তবে গত ১৭ জুন ওই শিক্ষার্থী পরিবারের অন্য সদস্যদের কাছে বিষয়টি খুলে বললে তারা বাহুবল থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং ১৮ জুন বিকেলে ইসমাইল মিয়াকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।