চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে প্রায় ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মোহাম্মদ আবু বক্কর।
বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৮টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের যাত্রী বহির্গমন লাউঞ্জে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা, বিমানবন্দর কাস্টমস, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং ডিজিএফআইয়ের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। এ সময় দুবাইগামী যাত্রী মোহাম্মদ আবু বক্করের হ্যান্ড লাগেজ তল্লাশি করা হলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।
তল্লাশিতে তার কাছ থেকে ২ লাখ ৫৩ হাজার ৬৬৫ ইউএই দিরহাম এবং ৪ হাজার ৭৯০ ওমানি রিয়াল পাওয়া যায়। উদ্ধার করা এসব বৈদেশিক মুদ্রার বাংলাদেশি মুদ্রায় আনুমানিক মূল্য ৯৪ লাখ ৫১ হাজার ৩৯৭ টাকা।
আটক আবু বক্কর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাইগামী ফ্লাইট বিজি-১৪৭-এর যাত্রী ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, বৈদেশিক মুদ্রা পাচার, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ এবং সরকারি রাজস্ব ফাঁকি প্রতিরোধে বিমানবন্দরে সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।