কক্সবাজারের চকরিয়া পৌরসদরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি সংলগ্ন ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসন।
বুধবার (১৮ জুন) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ারের নির্দেশনায় চকরিয়া পৌর নির্বাহী কর্মকর্তা ডা. মোহাম্মদ লোকমানের নেতৃত্বে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এ অভিযান পরিচালনা করেন।
এর আগে গত ১৫ জুন দৈনিক ভোরের ডাক পত্রিকায় ‘চকরিয়ায় ড্রেন দখল করে ব্যবসা ও ময়লা ফেলা, ঝুঁকিতে শিক্ষার্থীদের চলাচল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং জনদুর্ভোগ নিরসনে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে ফুটপাত ও ড্রেনের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা, দোকানের মালামালসহ বিভিন্ন প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। এতে শিক্ষার্থী ও পথচারীদের চলাচলে স্বস্তি ফিরবে বলে আশা করছেন স্থানীয়রা।
স্থানীয় সচেতন মহল জানান, শুধু অভিযান নয়, নিয়মিত তদারকি নিশ্চিত করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে কেউ আবার ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে।
চকরিয়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মকর্তা আবুল কালাম বলেন, দৈনিক ভোরের ডাকের প্রতিবেদনের পর প্রশাসকের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
চকরিয়া পৌর নির্বাহী কর্মকর্তা ডা. মোহাম্মদ লোকমান বলেন, জনস্বার্থে পৌর এলাকায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। ফুটপাত ও জনসাধারণের চলাচলের জায়গা দখল করে কোনো ধরনের কার্যক্রম চালাতে দেওয়া হবে না।