খুলনা মহানগরীতে গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় এক পুলিশ দম্পতিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) পপি রানী সাহা এবং তার স্বামী সঞ্জয় কুমার সরকারকে বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪টায় খুলনার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক ফারুক ইকবাল তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে তরকারি পুড়ে যাওয়ার অজুহাতে গৃহপরিচারিকা মিলন দাশের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। অভিযোগ রয়েছে, তাকে মারধরের পাশাপাশি গরম কড়াই দিয়ে শরীরে ছ্যাঁকা দেওয়া হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
ঘটনার পর ওই দিনই পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগী মিলন দাশকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে নেয় এবং অভিযুক্ত দম্পতিকে থানায় হেফাজতে নেয়।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ভুক্তভোগী মিলন দাশ নরসিংদীর মনোহরদী উপজেলার নিশ্চিন্তপুর এলাকার উকিল চন্দ্র দাশের মেয়ে। তিনি প্রায় ৫ বছর ধরে এএসআই সঞ্জয়ের বাসায় গৃহপরিচারিকা হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছ থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ওসি আরও বলেন, বেআইনি কোনো কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না।