ঢাকার ধামরাইয়ে আলাদীনস্ হাসপাতালে নতুন ডায়াবেটিক সেন্টার চালু করা হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই সেন্টারে ডায়াবেটিস রোগ নির্ণয়, নিয়মিত চেকআপ এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শসহ পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা প্রদান করা হবে। নতুন এই ডায়াবেটিক সেন্টার চালুর ফলে স্থানীয় রোগীদের আর সাভার বা মানিকগঞ্জে গিয়ে চিকিৎসা নিতে হবে না।
বৃহস্পতিবার (১৮ জুন) ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের জয়পুরা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত আলাদীনস্ হাসপাতালে এ ডায়াবেটিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
আলাদীনস্ হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আলাউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান, ডা. মাহজাবীন প্রিয়াংকা, ডায়াবেটিক বিশেষজ্ঞ ডা. মো. সিরাজুল ইসলাম, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সামছুল ইসলাম, কুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাজাহান মিয়া, সাধারণ সম্পাদক আক্কাস আলী এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফিরোজ কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “এখন আর ঢাকা বা মানিকগঞ্জে যেতে হবে না। ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের জয়পুরা এলাকায় আলাদীনস্ হাসপাতালে সহজে ও কম খরচে ডায়াবেটিক চিকিৎসা সেবা পাওয়া যাবে।” তারা আরও বলেন, এই উদ্যোগ ধামরাইবাসীর জন্য একটি বড় প্রাপ্তি।