চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ, চট্টগ্রাম উত্তর জেলা শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে সিডিএ ভবনের সম্মেলন কক্ষে পরিষদের আহ্বায়ক লায়ন তাহের আহম্মদের নেতৃত্বে নেতৃবৃন্দ সিডিএ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন।
সাক্ষাৎকালে চট্টগ্রাম মহানগরের উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি, পরিকল্পিত নগরায়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।
এ সময় উপস্থিত ছিলেন পরিষদের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম আজাদ (ভিপি শামীম), মোহাম্মদ হোসেন, নাছির উদ্দিন বিপ্লব, সদস্য মিরাজ উদ্দিন, হাসান চৌধুরী, মো. মুছা, সিরাজুল ইসলাম লিটন, মো. সেলিম ও মো. সাখাওয়াত হোসেন রাব্বিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরিষদের নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রামের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সিডিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নবনিযুক্ত চেয়ারম্যানের নেতৃত্বে সংস্থাটির কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
জবাবে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন চট্টগ্রামের টেকসই উন্নয়ন, পরিকল্পিত নগরায়ন এবং নাগরিক সেবা নিশ্চিত করতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।