বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের খেয়ালী উত্তরপাড়ায় নবনির্মিত হযরত ওমর বিন খাত্তাব জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দাতা সংস্থা ইয়ামি-এর অর্থায়নে নির্মিত এ মসজিদের জন্য জমি দান করেন স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুর রশিদ মঞ্জু।
চৌমুহনী-আলতাফনগর সড়কের পাশে মনোরম পরিবেশে খেয়ালী উত্তরপাড়া মৌজায় অবস্থিত মসজিদটির উদ্বোধন উপলক্ষে জোহরের নামাজের পর মসজিদ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আকবর আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় বাইতুল মাল বিষয়ক সেক্রেটারি, বিশিষ্ট রাজনীতিবিদ ও দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল হক, ইয়ামি বাংলাদেশের প্রধান ডা. রেজওয়ান আহমেদ, গুনাহার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ আবু তাহের, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক এবং ইয়ামির সাবেক লেফটেন্যান্ট কর্নেল মোরসালিন।
এ ছাড়া বক্তব্য দেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. মনসুর আলী, মসজিদের জমিদাতা হাজী আব্দুর রশিদ মঞ্জু এবং চৌমুহনী জামে মসজিদের খতিব মাওলানা মো. এনামুল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব দুপচাঁচিয়া উপজেলা কমিটির সভাপতি মোসাব্বর হাসান মুসাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গোবিন্দপুর ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ এবং প্রায় পাঁচ শতাধিক মুসল্লি।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত মুসল্লিদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।