মানিকগঞ্জের ঘিওর উপজেলায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগে অভিযুক্ত একটি পরিবারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর আগে পুলিশ বিশেষ অভিযানে হেরোইন ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধারসহ একই পরিবারের তিন সদস্যকে আটক করে।
বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার গোলাপনগর কুঠিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘিওর থানা পুলিশ অভিযান চালিয়ে খোকন (৫২), তার স্ত্রী মমতাজ বেগম (৪৫) এবং ছেলে মানিক (২৫)-কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ হেরোইন এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়।
অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ জনতার একটি অংশ অভিযুক্ত পরিবারের বাড়িতে অগ্নিসংযোগ করে।
পরে ঘিওর উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই পরিবারের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ ছিল। তাদের কর্মকাণ্ডে এলাকার তরুণ সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছিল বলে দাবি করেন তারা। আটক হওয়ার পর পুরনো ক্ষোভ থেকেই এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তিনি আরও জানান, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।