হরমুজ প্রণালী এড়িয়ে লাখ টনের বেশি ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামে ‘এমটি নিনেমিয়া’

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি আরব থেকে এক লাখ টনের বেশি অপরিশোধিত (ক্রুড) তেল নিয়ে আসা ট্যাংকার

2026-06-17T19:52:24+00:00
2026-06-17T19:52:24+00:00
  বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সারাদেশ
হরমুজ প্রণালী এড়িয়ে লাখ টনের বেশি ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামে ‘এমটি নিনেমিয়া’
চট্টগ্রাম ব্যুরো
বুধবার, ১৭ জুন, ২০২৬, ৭:৫২ পিএম 
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি আরব থেকে এক লাখ টনের বেশি অপরিশোধিত (ক্রুড) তেল নিয়ে আসা ট্যাংকার জাহাজ ‘এমটি নিনেমিয়া’ বুধবার (১৭ জুন) দুপুর ১টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে। বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), ইস্টার্ন রিফাইনারি পিএলসি, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।

বিপিসির ক্রুড অয়েল পরিবহনের দায়িত্বে থাকা বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি আরব থেকে এটি তৃতীয় চালান। গত ৩০ মে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে ১ লাখ ৩ হাজার ৫৩৯ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে জাহাজটি বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে। সরকারি আনুষ্ঠানিকতা শেষে শিগগিরই তেল খালাসের (লাইটারিং) কাজ শুরু হবে।

তিনি আরও জানান, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক হলে সৌদি আরবের পূর্বাঞ্চলের রাস তানুরা বন্দরে অবস্থানরত ‘নর্ডিকস পলাক্স’ নামের জাহাজও ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে। এছাড়া চলতি মাসের ২৭-২৮ জুন আরও ১ লাখ টন সৌদি ক্রুড অয়েল জাহাজে লোড হওয়ার কথা রয়েছে। এতে দেশে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ইস্টার্ন রিফাইনারি পিএলসির এক কর্মকর্তা জানান, বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রতিদিন ৪ থেকে সাড়ে ৪ হাজার মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধন করে প্রায় ২ হাজার থেকে ২ হাজার ২০০ টন ডিজেল উৎপাদন করা হচ্ছে। পাশাপাশি এলপিজি, ফার্নেস অয়েল, কেরোসিন এবং এমএস অকটেনসহ বিভিন্ন উপপণ্যও উৎপাদিত হচ্ছে।

২৪৯ দশমিক ৯৫ মিটার দীর্ঘ ‘এমটি নিনেমিয়া’ কর্ণফুলী নদী হয়ে বন্দরের ডলফিন জেটিতে ভিড়তে সক্ষম নয়। ফলে নিয়ম অনুযায়ী ছোট ট্যাংকার জাহাজের মাধ্যমে তেল খালাস করে ইস্টার্ন রিফাইনারিতে পৌঁছে দেওয়া হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, দেশের জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে জাহাজের বার্থিং, লাইটারিং ও খালাস কার্যক্রমে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে ক্রুড অয়েলের মজুত সংকটে গত ১২ এপ্রিল রাতে ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে ‘এমটি নিনেমিয়া’র মাধ্যমে নতুন চালান আসার পর গত ৮ মে পুনরায় উৎপাদন কার্যক্রম শুরু হয়। এ সময় সরকার বিকল্প উৎস থেকে বিপুল পরিমাণ পরিশোধিত ডিজেল আমদানি করে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলা করে।

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এক লাখ টনের বেশি ক্রুড অয়েল নিয়ে নোঙর করা ট্যাংকার জাহাজ ‘এমটি নিনেমিয়া’।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: