চট্টগ্রামের পটিয়ায় সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সিরাজুল ইসলাম (৫৫) নামে এক প্রবাসী মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার দ্বিতীয় স্ত্রী ববি আক্তারকে (৪৪) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) রাত ১টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার শিকার সিরাজুল ইসলাম ওই এলাকার মৃত বক্সু মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সিরাজুল ইসলামের দুটি সংসার ছিল। তার প্রথম স্ত্রী চট্টগ্রাম শহরে বসবাস করেন এবং তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। দ্বিতীয় স্ত্রী ববি আক্তার গ্রামের বাড়িতে থাকতেন, তাদের সংসারে রয়েছে এক কন্যাসন্তান। দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধ চলছিল বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, মঙ্গলবার রাতে সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দ্বিতীয় স্ত্রী ববি আক্তার ও তার স্বজনদের সঙ্গে সিরাজুল ইসলামের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাগিনা মো. বদিউল আলম অভিযোগ করে বলেন, ‘আমার মামাকে সম্পত্তির লোভে দ্বিতীয় স্ত্রী ও তার বাপের বাড়ির লোকজন মারধর করে হত্যা করেছে। আমরা এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’
এ বিষয়ে পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের দ্বিতীয় স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।