যশোরের শার্শায় দুটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিনসহ দুই অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের সদস্যরা। বুধবার (১৭ জুন) ভোর রাতে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- শার্শা থানার রুদ্রপুর উত্তরপাড়া গ্রামের মো. মফিজুল ইসলামের ছেলে মো. রাসেল রানা (২৬) এবং বেনাপোল পোর্ট থানার পুটখালী পশ্চিম পাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে মো. জিয়াউর রহমান ওরফে হাফিজুর (৪০)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার গভীর রাতে যশোর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুজন কুমার মণ্ডলের নেতৃত্বে একটি চৌকস টিম শার্শা থানার ৭নং কায়বা ইউনিয়নের রুদ্রপুর উত্তরপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে ওই গ্রামের বাসিন্দা রাসেল রানার টিনের বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে রাসেল তার শয়নকক্ষের বালিশের নিচে অস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরে তার দেখানো তথ্যমতে বালিশের নিচ থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ২টি ৭.৬৫ বোরের বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ১টি ভিভো মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মো. কামরুজ্জামান স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম জব্দ করেন। পরে গ্রেপ্তারকৃত রাসেলের দেওয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে বেনাপোলের পুটখালী এলাকায় দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে তার সহযোগী জিয়াউর রহমান ওরফে হাফিজুরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
যশোর জেলা গোয়েন্দা (শাখা) ডিবি পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) সুজন কুমার মন্ডল ভোরের ডাককে জানান- গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরো জানান- রাসেল রানার বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত এই অস্ত্র ও ম্যাগাজিন তারা কী উদ্দেশ্যে এবং কোথা থেকে সংগ্রহ করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।