কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জেএমঘাট এলাকায় বন বিভাগের অবৈধ দখল উচ্ছেদ অভিযানে মাইকিং করে বনকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বন বিভাগের কয়েকজন কর্মী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৭ জুন) বিকেলে বনবিভাগের পরিচালিত উচ্ছেদ অভিযানের সময় একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে এ হামলা চালায় বলে জানা গেছে।
মহেশখালী রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির জানান, সরকারি বনভূমি দখলমুক্ত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সকালে শাপলাপুরের জেএমঘাট এলাকায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এ সময় অবৈধ দখলদার চক্রটি উচ্ছেদ ঠেকাতে স্থানীয়ভাবে মাইকিং করে সাধারণ মানুষকে উসকানি দেয়। মাইকিং শোনার পর একদল লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে বন বিভাগের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।
তিনি আরও জানান, হামলায় কয়েকজন বনকর্মী গুরুতর আহত হন। আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সরকারি কাজে বাধা এবং বনকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
এ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। হামলায় জড়িতদের শনাক্তে পুলিশ ও বন বিভাগ যৌথভাবে কাজ করছে বলেও জানা গেছে।