মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ও সুপরিচিত পণ্য ‘মানিকগঞ্জের হাজারী গুড়’ ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পেয়েছে।
সোমবার (১৫ জুন) শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর এ স্বীকৃতি প্রদান করে।
জানা গেছে, ‘ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩’ অনুযায়ী মানিকগঞ্জের এই ঐতিহ্যবাহী গুড় জিআই নিবন্ধন লাভ করে। সনদে এর নিবন্ধন নম্বর ৬৪ এবং নিবন্ধনের তারিখ ২০ মে ২০২৪ উল্লেখ রয়েছে।
প্রায় দুইশ বছরের পুরোনো ঐতিহ্যের এই ‘হাজারী গুড়’ তার স্বতন্ত্র স্বাদ, গুণগত মান ও বিশেষ উৎপাদন প্রক্রিয়ার কারণে দেশজুড়ে ব্যাপক পরিচিত। এমনকি এর সুনাম দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও ছড়িয়ে পড়েছে।
জিআই স্বীকৃতির ফলে এ পণ্যের ব্র্যান্ড মূল্য বৃদ্ধি, বাজার সম্প্রসারণ এবং উৎপাদকদের স্বার্থ সুরক্ষার নতুন সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
স্থানীয়দের মতে, এই স্বীকৃতি মানিকগঞ্জবাসীর জন্য গর্বের বিষয়। এতে করে হাজারী গুড়ের ঐতিহ্য সংরক্ষিত হবে এবং দেশ-বিদেশে এর পরিচিতি আরও বাড়বে।