হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি আরবের অপরিশোধিত তেল নিয়ে ট্যাংকার জাহাজ ‘এমটি নিনেমিয়া’ আবারও চট্টগ্রাম বন্দরে আসছে। এক লাখের বেশি মেট্রিক টন ক্রুড অয়েল বহনকারী জাহাজটি বুধবার (১৭ জুন) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে।
বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), ইস্টার্ন রিফাইনারি পিএলসি, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের মাধ্যমে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে গত ৩০ মে তেল বোঝাই করে ‘এমটি নিনেমিয়া’ বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে। এটি হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি ক্রুড অয়েল আনার তৃতীয় চালান।
তিনি বলেন, এ ট্রিপে এক লাখ টনের বেশি ক্রুড অয়েল আসছে। সবকিছু ঠিক থাকলে বুধবার জাহাজটি বহির্নোঙরে পৌঁছাবে।
তিনি আরও জানান, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক হলে সৌদি আরবের পূর্বাঞ্চলের রাস তানুরা বন্দরে অবস্থানরত ‘নর্ডিকস পলাক্স’ জাহাজও এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে। এছাড়া আরও এক লাখ টন সৌদি ক্রুড অয়েল আগামী ২৭-২৮ জুন জাহাজে লোড হওয়ার কথা রয়েছে।
কমডোর মাহমুদুল মালেক বলেন, নিয়মিত তেল আমদানির ফলে দেশে জ্বালানি তেলের সংকট হওয়ার আশঙ্কা নেই।
ইস্টার্ন রিফাইনারি পিএলসির এক কর্মকর্তা জানান, বর্তমানে প্রতিদিন ৪ থেকে সাড়ে ৪ হাজার মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধন করে প্রায় ২ হাজার থেকে ২ হাজার ২০০ মেট্রিক টন ডিজেল উৎপাদন করা হচ্ছে। পাশাপাশি এলপিজি, ফার্নেস অয়েল, কেরোসিন ও এমএস অকটেনসহ বিভিন্ন উপপণ্যও উৎপাদিত হচ্ছে।
২৪৯ দশমিক ৯৫ মিটার দীর্ঘ ‘এমটি নিনেমিয়া’ কর্ণফুলী নদী হয়ে বন্দরের ডলফিন জেটিতে প্রবেশ করতে না পারায় জাহাজ থেকে ছোট ট্যাংকারে তেল খালাস করে (লাইটারিংয়ের মাধ্যমে) বন্দরে আনা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে ক্রুড অয়েলের মজুত ফুরিয়ে যাওয়ায় গত ১২ এপ্রিল ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। পরে ‘এমটি নিনেমিয়া’ তেল নিয়ে পৌঁছালে গত ৮ মে পুনরায় উৎপাদন কার্যক্রম চালু হয়। এ সময় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বিকল্প উৎস থেকে বিপুল পরিমাণ পরিশোধিত ডিজেল আমদানি করে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে তেলবাহী জাহাজের বার্থিং, লাইটারিং ও খালাস কার্যক্রমে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
বন্দর সূত্রে জানা গেছে, ১ লাখ ৩ হাজার ৫৩৯ মেট্রিক টন ক্রুড অয়েল বহনকারী ‘এমটি নিনেমিয়া’ বুধবার বহির্নোঙরে পৌঁছাবে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আমদানি করা এ অপরিশোধিত তেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করা হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, তেল আমদানির ধারাবাহিকতা বজায় থাকায় বর্তমানে শোধনাগারের উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।