ফেসবুকে পরিচয়। তা থেকে ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। আলাপে বাড়তে থাকে মধুর স্মৃতি। সেই ভালো লাগার টানেই হাজার হাজার মাইল দূর থেকে বাংলাদেশি প্রেমিকার বাড়িতে ছুটে এসেছেন এক চীনা যুবক। এ ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রেমিকা স্বপ্না আক্তারের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে। আর প্রেমিক জিয়াঐলির বাড়ি চীনের সিচুয়ান প্রদেশের লুজোউ শহরের লুজিয়ান এলাকায়। তাদের পরিচয় মাত্র তিন মাসের। এখন সেই সম্পর্ককে পরিণতি দিতে ভাষাগত ও সাংস্কৃতিক পার্থক্য থাকলেও মনের আবেগ ও ভালোবাসার কাছে তা কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। প্রেমিকার টানে বাংলাদেশে ছুটে এসেছেন জিয়াঐলি।
সোমবার (১৫ জুন) রাতে প্রেমিকা স্বপ্নার টানে বাংলাদেশে আসেন চীনা যুবক জিয়াঐলি। বর্তমানে স্বপ্না আক্তার নবীনগরের নীলনগর এলাকায় তার মামার বাড়িতে অবস্থান করছেন।
এদিকে বিদেশি যুবকের আগমনের খবর ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। জিয়াঐলিকে একনজর দেখতে স্বপ্নার মামার বাড়িতে ভিড় করছেন শত শত উৎসুক মানুষ। ইতোমধ্যে এই প্রেমিক যুগলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গ্রামে একজন বিদেশি যুবককে দেখে প্রথমে সবাই বিস্মিত হন। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। স্থানীয়দের কেউ কেউ বিষয়টি নিয়ে সতর্কতার কথাও বলছেন। তাদের মতে, যুবকটি কোনো প্রতারক চক্রের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। এ বিষয়ে প্রশাসনের নজরদারি কামনা করেছেন তারা।
স্বপ্না আক্তার জানান, জিয়াঐলি তাকে বিয়ে করার উদ্দেশ্যেই বাংলাদেশে এসেছেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তারা ব্রাহ্মণবাড়িয়া আদালতে যাবেন। তিনি আরও জানান, জিয়াঐলি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হওয়ার পর তাকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করবেন।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, তারা বিষয়টি সাংবাদিক ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জেনেছেন। তারা খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় তথ্য যাচাই করবেন।