সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও স্থানীয় সচেতন নাগরিকেরা অংশ নেন।
মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টার দিকে উপজেলার হাতেম হাসিল ভাতহাড়িয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়। পরে এটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামীম হোসেন তালুকদারের নেতৃত্বে আয়োজিত র্যালিতে অংশগ্রহণকারীরা ‘মাদককে না বলুন’ এবং ‘মাদক বিক্রেতা ও সেবনকারীকে আইনের হাতে তুলে দিন’—এমন বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব বলেও তাঁরা মত দেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে শক্তিশালী করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।