গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৫ জুন) সচিবালয়ে টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বার্তা সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দলীয় অবস্থান বা সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে সত্য হিসেবে তুলে ধরতে হবে। সেইসঙ্গে দেশের ইতিবাচক পরিবর্তন আনার জন্য গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেছেন তিনি।
এ বৈঠকে দেশের টেলিভিশন শিল্পের বর্তমান সংকট, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, চাকরির নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা সংক্রান্ত ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ জানান, মানবিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করার ক্ষেত্রেও গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এ লক্ষ্যে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করার জন্য উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ১৮ জুন এ ব্যাপারে অংশীজনদের নিয়ে একটি আলোচনা সভা হবে। অংশীজনরা সবাই মিলে নীতি কাঠামো করলে বিদ্যমান সমস্যাগুলো নিরসন সম্ভব হবে।