নেত্রকোনার মদন উপজেলায় হোটেল ব্যবসার আড়ালে মাদক কারবারের অভিযোগে এক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৪ জুন) রাত ১১টার দিকে মদন পৌর শহরের মদন বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১২ হাজার ৬৫০ টাকাসহ হিরা মিয়া (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মদন ইউনিয়নের কুলিয়াটি (বড়বাড়ি) গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (সেকেন্ড অফিসার) ফয়সালের নেতৃত্বে পুলিশের একটি দল মদন বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পরিত্যক্ত টিনশেড ঘর থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধারসহ হিরা মিয়াকে আটক করা হয়।
অভিযানে এএসআই সাকিব, এএসআই মাহবুব ও এএসআই মাহফুজসহ পুলিশের অন্যান্য সদস্যরা সহযোগিতা করেন।
পুলিশের দাবি, হিরা মিয়া দীর্ঘদিন ধরে মদন বাজারে ‘তুরা সুইট অ্যান্ড ফুড’ নামের হোটেলের আড়ালে ইয়াবা বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাহ উদ্দীন করিম জানান, ১০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।, ১৫ শতাংশ ছাড়: বকেয়া পৌরকর আদায়ে মাঠে কালীগঞ্জ পৌরসভা