দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে এ সময়ে নতুন করে ১৩৫ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩৭ জন বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) শনাক্ত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১০ জন, ঢাকা বিভাগে ১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৫ জন, খুলনা বিভাগে ১৫ জন, ময়মনসিংহ বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ১১ জন এবং সিলেট বিভাগে ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়পত্র পেয়েছেন ১২৫ জন ডেঙ্গু রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৪ জুন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ২০১ জনে। এর মধ্যে ৩ হাজার ৯৬৭ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ১ শতাংশ নারী।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৬ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, গত কয়েক বছরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, মৃত্যু হয় ৫৭৫ জনের। আর ২০২৩ সালে ডেঙ্গুতে প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বর্ষা মৌসুমে ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তিগত সুরক্ষামূলক ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।