দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৪৩ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তবে একই সময়ে নিশ্চিত হামে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ওই সময়ে খুলনায় হামের উপসর্গে একজনের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৭ জন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১২৬ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ হাজার ২৬৬ জনে, আর নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১০ হাজার ১৮৫ জন।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি সময়ের মধ্যে সন্দেহভাজন হামের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ হাজার ৯৩৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৫ হাজার ২৭৫ জন।
মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯২ জনের মৃত্যু হয়েছে। আর সন্দেহভাজন হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৫৫১ জনের। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৩ জনে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ ধরনের পরিস্থিতিতে দ্রুত টিকাদান, আক্রান্তদের আলাদা রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছেন।