ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে নির্যাতনের অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১৩ জুন) রাতে কালিতলা বাজারের পাশে একটি গুদামঘরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে পুলিশের একটি টহল দল ঘটনাস্থল থেকে অভিযুক্তদের হাতেনাতে আটক করে।
আটককৃতরা হলেন কালিতলা এলাকার মো. তামিম ইসলাম (২২), মো. রনি (২১) ও মো. মাসুদ (২২)। পুলিশ জানায়, তামিম আনারুল ইসলামের ছেলে, রনি মিন্টুর ছেলে এবং মাসুদ মজিদুর রহমানের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে তামিম ইসলামের সঙ্গে ওই কিশোরীর পরিচয় হয়। পরে শনিবার বিকেলে তামিম তাকে ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যান। রাত আনুমানিক ১১টার দিকে তাকে কালিতলা বাজার এলাকার একটি গুদামঘরে নেওয়া হয়।
পরবর্তীতে রাতের কোনো এক সময় পুলিশ টহল দলের নজরে বিষয়টি এলে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। ভোরের দিকে গুরুতর অসুস্থ অবস্থায় কিশোরীকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।