চট্টগ্রামের পটিয়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সক্রিয় সদস্যসহ চারজন আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ।
শুক্রবার (১২ জুন) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানার এসআই মোহাম্মদ কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পটিয়া পৌরসভার থানার মোড় এলাকা থেকে মিনহাজ উদ্দিন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেন।
তিনি চট্টগ্রাম দক্ষিণ ছাত্রলীগ ও পটিয়া পৌর ছাত্রলীগের সংগঠক এবং পটিয়া উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, মিনহাজ উদ্দিন পটিয়া থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর বিভিন্ন ধারায় মামলা রয়েছে।
একই রাতে পৃথক অভিযানে এসআই মোহাম্মদ কামাল উদ্দিন, এএসআই শরীফ হাসান এবং এএসআই মোহাম্মদ মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো তিনজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তাররা হলেন- জিআর মামলার আসামি ও পটিয়া প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জিয়া উদ্দিন, জাকির হোসেন (জাগির) এবং সিআর পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ আমানুল হক সোহেল।
পটিয়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।