ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের নতুন সময়সূচি ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। সংশোধিত পরিকল্পনা অনুযায়ী, একাধিক রাষ্ট্রীয় অনুষ্ঠান ও জানাজা শেষে আগামী ১৮ জুলাই পবিত্র নগরী মাশহাদে তাকে সমাহিত করা হবে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, জুলাই মাসের মাঝামাঝি সময়ে খামেনির বিদায় ও দাফন-সংক্রান্ত আনুষ্ঠানিকতা শুরু হবে। সূচি অনুযায়ী, ১৩ ও ১৪ জুলাই রাজধানী তেহরানে জনগণের শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হবে।
এরপর ১৫ জুলাই তেহরানে এবং ১৬ জুলাই কোম শহরে জানাজার অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সর্বশেষ ১৮ জুলাই মাশহাদে আরেক দফা জানাজার আয়োজন করা হবে। একই দিন ইমাম রেজার (আ.) পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।
খামেনি দীর্ঘ সময় ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুর পর দেশজুড়ে শোক পালন করা হয় এবং শেষকৃত্যের প্রস্তুতি নেওয়া হলেও নিরাপত্তা ও অন্যান্য কারণে তা কয়েক দফা পিছিয়ে যায়।
পরবর্তীতে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার পর শেষকৃত্যের আয়োজন নিয়ে আলোচনা চলতে থাকে। সম্প্রতি দেশটির স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, তেহরান, কোম ও মাশহাদকে কেন্দ্র করে কয়েক দিনের শোকযাত্রা ও দাফন কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে।
উত্তর-পূর্বাঞ্চলের শহর মাশহাদে জন্মগ্রহণ করেছিলেন খামেনি। পারিবারিক ও ধর্মীয় গুরুত্ব বিবেচনায় সেখানেই তার চূড়ান্ত দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।