থাইল্যান্ডের ব্যাংকক থেকে ভারতে বিপুল পরিমাণ হাইড্রোপনিক গাঁজা পাচারের অভিযোগে এক নারী মডেলকে গ্রেপ্তার করেছে মুম্বাই কাস্টমস। গ্রেপ্তার হওয়া হর্ষা সানির (২৮) কাছ থেকে প্রায় ১১ কেজি উচ্চমানের গাঁজা উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১১ কোটি ৮২ লাখ রুপি।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, ১০ ও ১১ জুন মধ্যরাতে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ব্যাংকক থেকে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হর্ষা সানি। বিমানবন্দরে নামার পর তার আচরণ সন্দেহজনক মনে হলে এয়ার ইন্টেলিজেন্স ইউনিট (এআইইউ) ও কাস্টমস কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন।
পরে তার সঙ্গে থাকা ট্রলি ব্যাগ তল্লাশি করে ভ্যাকুয়াম-সিল করা ১২টি প্লাস্টিকের প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলোতে সবুজ রঙের একটি পদার্থ পাওয়া গেলে তা মাদক শনাক্তকরণ কিটের মাধ্যমে পরীক্ষা করা হয়। পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, সেগুলো উচ্চমানের হাইড্রোপনিক গাঁজা।
কাস্টমস কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া মাদকের মোট ওজন ১১ কেজির বেশি এবং এর আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৮২ লাখ রুপি। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় হর্ষা সানিকে গ্রেপ্তার করা হয়েছে।
তদন্তে জানা গেছে, হর্ষা সানি ২০২৫ সালের ‘মিসেস কেরালা’ প্রতিযোগিতার একজন সাবেক প্রতিযোগী ছিলেন। গ্রেপ্তারের পর তাকে মুম্বাইয়ের ফোর্ট আদালতে হাজির করা হলে আদালত তাকে বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
কাস্টমস বিভাগ জানিয়েছে, বিপুল পরিমাণ এই মাদক কার কাছে এবং কোন চক্রের মাধ্যমে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
সূত্র: এনডিটিভি