রূপগঞ্জে হাইভোল্টেজ বিদ্যুৎ লাইন অপসারণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের কেশরাব গ্রামের ওপর দিয়ে নির্মিত একটি বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের উচ্চ ভোল্টেজ বিদ্যুৎ লাইন অপসারণের দাবিতে মানববন্ধন,

2026-06-12T18:03:53+00:00
2026-06-12T18:03:53+00:00
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শনিবার, ১৩ জুন ২০২৬
সারাদেশ
রূপগঞ্জে হাইভোল্টেজ বিদ্যুৎ লাইন অপসারণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ
নারায়ণগঞ্জ সংবাদদাতা
শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৬:০৩ পিএম 
ছবি ভোরের ডাক
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের কেশরাব গ্রামের ওপর দিয়ে নির্মিত একটি বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের উচ্চ ভোল্টেজ বিদ্যুৎ লাইন অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। শুক্রবার জুমার নামাজের পর ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন আমিনুল ইসলাম নয়ন, আল আমিন, মাওলানা আব্দুর রশিদ, রিপন মিয়া, আরিফ, ইব্রাহীম মিয়া, সুমন, সঞ্জয় দাস, আলমগীর হোসেন, বাদল মিয়া ও নুর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে পূর্বাচলে স্থাপিত কাঞ্চন পূর্বাচল পাওয়ার জেনারেশন লিমিটেডের ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য নির্মিত সঞ্চালন লাইনটি নির্ধারিত রুট অনুসরণ না করে কেশরাব গ্রামের ওপর দিয়ে নেওয়া হয়েছে। স্থানীয়দের তীব্র আপত্তি সত্ত্বেও প্রভাবশালী মহলের সহায়তায় ভয়ভীতি দেখিয়ে লাইনটি নির্মাণ করা হয় বলে দাবি করেন তারা।

এলাকাবাসীর ভাষ্য, লাইনটি চালু হওয়ার পর থেকে প্রায় শতাধিক দুর্ঘটনা ঘটেছে। উচ্চ ভোল্টেজের প্রভাবে ঘরবাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতি পুড়ে যাওয়া, বসতবাড়িতে অগ্নিকাণ্ড, খামারের গরু ও পুকুরের মাছ মারা যাওয়ার মতো ঘটনা ঘটেছে। সম্প্রতি স্থানীয় ব্যবসায়ী মো. আরিফ উচ্চ ভোল্টেজ লাইনের ফ্ল্যাশিংয়ের শিকার হয়ে গুরুতর দগ্ধ হয়েছেন। এ ঘটনাকে তারা বিদ্যুৎ লাইনের ঝুঁকিপূর্ণ অবস্থার বড় উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

স্থানীয়রা আরও জানান, বিষয়টি নিয়ে তারা স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে দেখা করলে তিনি দুই দিনের মধ্যে ঝুঁকিপূর্ণ লাইনটি বন্ধ করার নির্দেশ দেন বলে জানানো হয়। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও লাইনটি বন্ধ বা অপসারণে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

গ্রামবাসীর অভিযোগ, এ বিষয়ে স্থানীয় প্রশাসনসহ সরকারের বিভিন্ন দপ্তরে একাধিকবার অভিযোগ দেওয়া হলেও কোনো প্রতিকার মেলেনি। বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের কাছে সমস্যার সমাধান চাইলেও তারা গুরুত্ব না দিয়ে বিভিন্ন সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শন করে আসছে বলেও দাবি করেন বিক্ষোভকারীরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন অপসারণের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: